ছবি: সংগৃহীত
সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হাইকোর্টের দেওয়া এক মামলায় জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। তবে অপর এক মামলায় তার জামিন বহাল রেখেছেন আদালত।
সোমবার (৩ আগস্ট) রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
গত ২৯ জুলাই রুল নিষ্পত্তি করে বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ ব্যারিস্টার সুমনকে জামিন দেন।
এর মধ্যে একটি ছিল খিলগাঁও থানার হত্যা মামলা এবং অপরটি ছিল মুগদা থানার হত্যাচেষ্টা মামলা। পরে জামিনের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আবেদন করে।
সোমবার শুনানি শেষে খিলগাঁও থানার মামলায় জামিন স্থগিত করেন এবং মুগদা থানার মামলায় জামিন বহাল রাখেন বলে জানান ব্যারিস্টার সুমনের আইনজীবী লিটন আহমেদ।
২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টায় রাজধানীর মিরপুর-৬ থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়ার কিছু সময় আগে ২১ অক্টোবর দিনগত রাত সোয়া ১টার দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে একটি পোস্ট দেন ব্যারিস্টার সুমন। এতে তিনি লেখেন, ‘আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।’
সাবেক স্বতন্ত্র এই সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ও হবিগঞ্জে বেশ কয়েকটি মামলা হয়।
আইটি ল্যাব সলিউশন্স লি.