প্রতিকী ছবি
পাবনার ঈশ্বরদী উপজেলায় চুরি করতে গিয়ে স্থানীয় জনতার গণপিটুনিতে সুমন মণ্ডল (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
এসময় একটি মুদি দোকানে ঢুকতে না পেরে এক ব্যক্তি ও তার ছেলেকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।
বর্তমানে আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
রোববার (২ আগস্ট) দিনগত রাত ৩টার দিকে উপজেলার সাহাপুর মিস্ত্রিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুমন উপজেলার সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর আজিজলতলা এলাকার মৃত বয়েন মণ্ডলের ছেলে।
আহত গৃহকর্তা হাবিবুল মণ্ডল বাংলানিউজকে জানান, তার বসতবাড়ির সামনে অবস্থিত দোকানে পেশাদার চোর হিসেবে পরিচিত মানিক ওরফে সুমন চুরির উদ্দেশে ঢোকেন।
বিষয়টি তিনি টের পেয়ে বাধা দিলে অভিযুক্ত চোরের কাছে থাকা একটি চায়নিজ কুড়াল দিয়ে তার হাত ও পিঠে এলোপাতাড়ি কোপ দেন।
এ সময় তার চিৎকার শুনে ছেলে শাকিল এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করা হয়।
পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্ত চোরকে আটক করে গণপিটুনি দেয়। এতে অভিযুক্ত মানিক ওরফে সুমন ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বাংলানিউজকে জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং লাশের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.