প্রকাশিত: ০৩ আগস্ট, ২০২৬ ১৪:১১ (মঙ্গলবার)
মার্তিনেজকে দলে ভেড়াল না জুভেন্টাস

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে দলে ভেড়ানোর পরিকল্পনা থেকে সরে এসেছে ইতালির ক্লাব জুভেন্টাস। আর্থিক বিষয়ে অ্যাস্টন ভিলার সঙ্গে সমঝোতায় পৌঁছাতে না পারায় এই সিদ্ধান্ত নিয়েছে তুরিনের ক্লাবটি। এমন তথ্য জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।

ফুটবল বিষয়ক নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, দুই ক্লাবের মধ্যে আলোচনা হলেও অ্যাস্টন ভিলার চাওয়া ট্রান্সফার ফি দিতে রাজি হয়নি জুভেন্টাস। ফলে ২০২২ কাতার বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক আপাতত অ্যাস্টন ভিলাতেই থাকছেন।

মার্তিনেজের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন অবশ্য নতুন নয়। ২০২৫ সালের মে মাসে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন তিনি। সেই ঘটনার পর থেকেই ক্লাব ছাড়ার জল্পনা শুরু হয়। তবে সময়ের সঙ্গে বিভিন্ন আলোচনা হলেও এমন কোনো প্রস্তাব আসেনি, যা ক্লাব ও খেলোয়াড়—উভয় পক্ষের কাছেই গ্রহণযোগ্য ছিল।

২০২০ সালে আর্সেনাল থেকে প্রায় ১৭ মিলিয়ন ইউরোতে অ্যাস্টন ভিলায় যোগ দেন মার্তিনেজ। এরপর থেকেই তিনি দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়ে পরিণত হন এবং ধারাবাহিক পারফরম্যান্সে নিজেকে প্রিমিয়ার লিগের সেরা গোলরক্ষকদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেন।

ট্রান্সফার নিয়ে অনিশ্চয়তা থাকলেও বর্তমানে ছুটিতে রয়েছেন মার্তিনেজ। সম্প্রতি স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল খেলেছেন তিনি। ছুটি শেষে অ্যাস্টন ভিলার প্রাক-মৌসুম অনুশীলনে যোগ দেবেন, যেখানে এখনও তিনিই দলের প্রথম পছন্দের গোলরক্ষক।