প্রকাশিত: ০৩ আগস্ট, ২০২৬ ১১:৩৯ (বৃহস্পতিবার)
সিলেটে র‌্যাবের যৌথ অভিযানে নকল সিগারেট জব্দ ও জরিমানা

সিলেট নগরীর শাহপরাণ এলাকায় র‌্যাব-৯ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে একটি মুদি দোকান থেকে ১ হাজার ২৭৪ প্যাকেট নকল সিগারেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় দোকান মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (২ আগস্ট) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত র‌্যাব-৯ (সিপিএসসি, সিলেট) এবং জেলা প্রশাসনের একটি যৌথ আভিযানিক দল শাহপরাণ (রহ.) থানাধীন খাদিমনগর এলাকার শাহপরাণ গেইট সংলগ্ন ‘বালাজি স্টোর’ নামে একটি মুদি দোকানে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে দোকান থেকে মোট ১,২৭৪ প্যাকেট নকল সিগারেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১ হাজার ৯২০ টাকা।

অভিযানে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট নকল সিগারেট অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখার অপরাধে দোকান মালিক বকুল দেবনাথ (৬৯)-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজার তদারকি এবং নকল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় র‌্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।