প্রকাশিত: ০২ আগস্ট, ২০২৬ ১৭:৪৮ (সোমবার)
পিকআপের ধাক্কায় সড়কে প্রাণ গেল খতিব ও মুয়াজ্জিনের

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। 

রোববার (২ আগস্ট) দুপুর ২টার দিকে জোরারগঞ্জ হাইওয়ে থানার পাশে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন উপজেলার মঘাদিয়া ইউনিয়নের চরশরৎ এলাকার আব্দুস সালামের ছেলে জয়নাল আবেদিন (৩৫)। তিনি দরগাহপাড়া কালা পীরশাহ জামে মসজিদের খতিব ছিলেন। নিহত অপরজন একই এলাকার মরহুম খোরশেদ আলমের ছেলে জহির উদ্দিন (৫২)। তিনি ওই মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন।  

স্থানীয়রা জানান, দুপুরের দিকে জোরারগঞ্জ হাইওয়ে থানার পাশে একটি মোটরসাইকেলের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।