প্রকাশিত: ০২ আগস্ট, ২০২৬ ১৭:০৭ (সোমবার)
সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের পিএস গ্রেফতার

ছবি: সংগৃহীত

সাবেক সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের ব্যক্তিগত সহকারী (পিএস) তরিকুল ইসলামকে (৩৫) গ্রেফতার করা হয়েছে নীলফামারী থেকে। 

রোববার (২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান। 

এর আগে, শনিবার সন্ধ্যায় তাকে শহরের শান্তিনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রায় ১৩ বছর আগের এক ঘটনায় হওয়া মামলায় গ্রেফতার করা হয়েছে তাকে।

জানা যায়, কৃষক সিদ্দিক আলী ২০১৩ সালের ১৪ ডিসেম্বরে বাড়ির অদূরে রামগঞ্জহাটে বাজার করতে যান। ওই সময় আওয়ামী লীগের কয়েকজন এলাকার বিএনপি নেতা গোলাম রব্বানীর বাড়িতে হামলা চালায় এবং এলাকার মানুষজনের ওপর এলোপাথাড়ি মারধর করে। এ সময় কৃষক সিদ্দিক আলী আঘাত পেয়ে রাস্তায় লুটিয়ে পড়লে সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরকে বহনকারী গাড়ি দিয়ে তাকে চাপা দেওয়া হয়।

১৩ বছর আগের এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে মামলার এজাহারে বলা হয়, ওই সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় নিহত কৃষক সিদ্দিক আলীর হত্যা মামলা দায়ের করতে পারেননি বাদী। ২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রেক্ষাপটের পর সুযোগ সৃষ্টি হওয়ায় নিহতের ছেলে মামলাটি দায়ের করেন। 

এই মামলায় তরিকুল ইসলাম এজাহারনামীয় আসামি। সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরকে প্রধান আসামি করা হয়েছে এ মামলায়।

এ বিষয়ে নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, সিদ্দিক হত্যা মামলায় তরিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।