প্রকাশিত: ০২ আগস্ট, ২০২৬ ১১:২৮ (রবিবার)
সিলেটে নবনিযুক্ত পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদের দায়িত্ব গ্রহণ

সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম দায়িত্ব গ্রহণ করেছেন। শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এর আগে বিকেল ৪টায় তিনি সিলেট এম.এ.জি. ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে কর্মকর্তারা তাকে আন্তরিক অভ্যর্থনা জানান। পরে তিনি নগরের মিরের ময়দান পুলিশ অফিসার্স মেসে উপস্থিত হলে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় তিনি উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। একই সময়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে।

সন্ধ্যায় সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর পবিত্র মাজার জিয়ারত করেন এবং মাজার মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন পুলিশ কমিশনার।

পরে তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে উপস্থিত হয়ে বিভিন্ন শাখার কর্মকর্তা ও ফোর্সের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় এসএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন– এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মু. মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আকতার হোসেন, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মো. রিয়াজুল কবির পিএসসি, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর, ডিসি-প্রসিকিউশন) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন।

এছাড়াও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং এসএমপির অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম সদ্য বিদায়ী পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন।