প্রকাশিত: ০১ আগস্ট, ২০২৬ ১৮:১৮ (রবিবার)
নতুন চারটি পলিটেকনিক ও চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ হবে: শিক্ষামন্ত্রী

দেশে নতুন করে আরও চারটি পলিটেকনিক ইনস্টিটিউট এবং চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (১ আগস্ট) ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে শিক্ষামন্ত্রী বলেন, জুলাই আমাদের এমন একটি মাস, যা বাংলাদেশের স্মৃতিপথ থেকে কখনো মুছে যাবে না। স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার পর ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ যেভাবে আমাদের রক্তিম সূর্যকে স্তিমিত করতে চেয়েছিল, তা আমাদের নবপ্রজন্ম জেন-জি রুখে দিয়েছে।

শহীদদের এই আত্মত্যাগ কখনো বৃথা যাবে না।
কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন অনুযায়ী দেশের কারিগরি শিক্ষায় বিপ্লব আনতে কাজ করছে সরকার।

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটকে চীন-বাংলাদেশ যৌথ সহযোগিতায় একটি ব্যতিক্রমধর্মী ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা লাঘবে আপাতত বিআরটিসির তিনটি বাস ভাড়ার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

পাশাপাশি ভবিষ্যতে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট ও বিশ্ববিদ্যালয়ের জন্য পৃথক পরিবহন প্রকল্প চালুর আশ্বাস দেন।
শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিমুখী হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শুধু চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবটিক্স, মেকাট্রনিক্স, ইলেকট্রিক ভেহিকেল (ইভি), সেমিকন্ডাক্টর এবং সাইবার সিকিউরিটি-সংক্রান্ত আধুনিক প্রযুক্তির কোর্স সম্পন্ন করে চাকরিপ্রার্থী নয়, বরং জব ক্রিয়েটর বা উদ্যোক্তা হতে হবে।

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও ‘মায়ের ডাক’ এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মো. আক্কাস আলী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিব হাসান।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।