ছবি: সংগৃহীত
ভারতের মহারাষ্ট্রে বন্যার পানির তীব্র স্রোতে একটি গাড়ি ভেসে গিয়ে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। গাড়িতে থাকা বাবা কোনোভাবে একটি গাছ আঁকড়ে ধরে প্রাণে বাঁচলেও স্ত্রী ও দুই ছোট মেয়েকে রক্ষা করতে পারেননি। শুক্রবার (৩১ জুলাই) তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) পরিবারটি আহিলইয়ানগর নামে একটি জেলায় যাচ্ছিলেন। সেখানে এদিন ভারী বৃষ্টিপাত হয়। এরফলে সেখানকার কুপ্তি নদীটি ফুলেফেঁপে ওঠে এবং নদীতে থাকা সেতুটি ডুবিয়ে ফেলে।
গাড়ির চালক বুঝতে পারেননি সেতুটি কতটা ডুবেছে। এছাড়া স্রোত সম্পর্কেও বুঝতে পারেননি। এতে করে গাড়িটি সেতুতে তুলে দেন তিনি। তখনই তীব্র স্রোত ও পানি বেশি থাকায় গাড়িটি ভেসে সেতু থেকে নদীর মাঝে চলে যায়।
ওই সময় অভিনাশ খান্দারে নামে ওই বাবা তাৎক্ষণিকভাবে একটি গাছে ধরে ফেলেন। কিন্তু তার দুই মেয়ে ও স্ত্রী গাড়িসহ ভেসে যায়। তিনি তখন চেয়ে দেখা ছাড়া আর কিছু করতে পারেননি।
খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। স্থানীয় প্রশাসন সারারাত তল্লাশি চালানোর পর শুক্রবার স্ত্রী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করে। সূত্র: এনডিটিভি।
আইটি ল্যাব সলিউশন্স লি.