হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে ১৯ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানাধীন ব্রাহ্মণডোরা ইউনিয়নের সিলেট-ঢাকা মহাসড়কের আলীপুর এলাকায় ওয়ালটন শোরুমের বিপরীত পাশে অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— মো. সোহাগ মিয়া (৩৫), পিতা: মৃত শাহজাহান; মো. রুবেল মিয়া (৩২), পিতা: মৃত ধন মিয়া এবং মো. সোহেল রানা (২৪), পিতা: সবুজ মিয়া। তাদের সবার বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার কালিপুর এলাকায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা পরস্পর যোগসাজশে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
এ তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আটক তিনজনকে উদ্ধারকৃত আলামতসহ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় তাদের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.