হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯।
শুক্রবার (৩১ জুলাই) রাতের অভিযানে তাদের আটক করা হয়।
র্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে চুনারুঘাট উপজেলার ৩ নম্বর দেওরগাছ ইউনিয়নের পুরাতন সিলেট-ঢাকা মহাসড়কের রামগঞ্জ চা-বাগান এলাকায় অভিযান পরিচালনা করে।
র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি চারটি প্লাস্টিকের বস্তা ফেলে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে মাদকের বিষয়টি নিশ্চিত হয়ে চারটি বস্তা তল্লাশি চালিয়ে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, চুনারুঘাট উপজেলার বেগমখান চা-বাগান এলাকার দয়াময় বাকতি (৪০) এবং শংকর বাকতি (৩৬)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেন, তারা হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে আটক দুইজন এবং উদ্ধারকৃত গাঁজা চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.