ছবি সংগৃহীত :
পাবনায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ঘটনার ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল এবং নগদ অর্থ আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) ডিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের কাঁকড়কাটা গ্রামের মাহমুদুল হাসান নাছিম ও তারেক রহমান এবং দোগাছী ইউনিয়নের কবিরপুর গ্রামের সাকিব হোসেন।
পুলিশ জানায়, গত ২৭ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে পাবনা সদর উপজেলার মনসুরাবাদ আবাসিক প্রকল্পের একটি ভাড়া বাসায় অভিযুক্তরা ভুক্তভোগী ও তার পরিবারকে ভয়ভীতি দেখায়। একপর্যায়ে ভুক্তভোগীর মা ও শিশুসন্তানকে একটি কক্ষে আটকে রেখে একজন অভিযুক্ত ওই গৃহবধূকে ধর্ষণ করেন। এ সময় অপর দুইজন ধর্ষণের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীর মায়ের কাছ থেকে নগদ ১ লাখ ১০ হাজার টাকা আদায় করে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী পাবনা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেফতার করে।
পাবনা ডিবির ওসি রাশেদুল ইসলাম জানান, মামলার তদন্তের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারর করা হয়েছে। শুক্রবার বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.