শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এবং বিশ্ববিদ্যালয়ের গ্রিন এক্সপ্লোর সোসাইটি (জিইএস) যৌথ উদ্যোগে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা, বিদ্যুৎ খাতের নীতিমালা এবং টেকসই শক্তি রূপান্তর নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের নতুন সামাজিক বিজ্ঞান ভবনের ১০২ নম্বর কক্ষে 'পাওয়ারিং টুমরো: লেকচার অন ইমার্জিং রিনিউয়েবল এনার্জি ফ্রন্টিয়ার' শীর্ষক দিনব্যাপী এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূল বিষয়বস্তুর ওপর আলোকপাত করেন সিপিডির গবেষক দল। এতে সিপিডির রিসার্চ ফেলো আবু সালেহ মো. শামীম আলম শিবলী হাওর অঞ্চলের বন্যা, ধান উৎপাদন ও খাদ্য সরবরাহ ব্যবস্থার ওপর জ্বালানি কাঠামোর প্রভাব নিয়ে আলোচনা করেন। ‘হোমার প্রো’ সফটওয়্যার ব্যবহার করে মাইক্রোগ্রিডের কার্যকর নকশা ও এর আর্থ-সামাজিক সম্ভাবনা তুলে ধরেন সংস্থাটির গবেষণা সহযোগী মেহেদী হাসান শামীম।
এছাড়া দেশের বিদ্যুৎ খাতের প্রাতিষ্ঠানিক রূপ ও বিনিয়োগের সম্ভাব্যতা নিয়ে বক্তব্য দেন গবেষণা সহযোগী আবরার আহাম্মদ ভূঁইয়া। অন্য গবেষণা সহযোগী আতিকুজ্জামান শহীদ টেকসই জ্বালানি রূপান্তরে নীতিমালার সুনির্দিষ্ট প্রয়োগ ও বিভিন্ন খাতের সমন্বয়ের ওপর জোর দেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সিপিডির প্রোগ্রাম অ্যাসোসিয়েট মারিউম আক্তার মৌ এবং সূচনা বক্তব্য উপস্থাপন করেন জিইএস-এর উপদেষ্টা অধ্যাপক ড. স্বপন কুমার সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মাইন্ড টাচ লিমিটেডের বিক্রয় ও বিপণন বিভাগের প্রতিনিধি রুবায়েদ আহমেদ।
সেমিনারে বক্তারা বলেন, দেশের জ্বালানি খাতকে টেকসই ও পরিবেশবান্ধব করতে একাডেমিক গবেষণা, সরকারি নীতি এবং শিল্পখাতের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো জরুরি।
তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের মধ্যে নবায়নযোগ্য শক্তির ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতেই এ আয়োজন ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।
আইটি ল্যাব সলিউশন্স লি.