ছবি সংগৃহীত :
জাতীয় দলের বাইরে থাকলেও ক্রিকেটে ব্যস্ত সময় পার করছেন সাকিব আল হাসান। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ও লিগভিত্তিক টুর্নামেন্টে নিয়মিত অংশ নেওয়া এই অলরাউন্ডার এবার এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি) খেলেছেন সাকিব। বর্তমানে তিনি অংশ নিচ্ছেন লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল)। এরই মধ্যে নতুন আরেকটি টুর্নামেন্টে নেতৃত্বের দায়িত্ব পেয়ে আলোচনায় এসেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
সাকিবের নেতৃত্বাধীন বাংলাদেশ টাইগার্স দলে রয়েছেন দেশের ক্রিকেটের পরিচিত কয়েকটি মুখ। তাদের মধ্যে আছেন অলক কাপালি, তুষার ইমরান, মেহেদী মারুফ, আরিফুল হক, শফিউল ইসলাম ও মুক্তার আলী।
এবারের এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের পাশাপাশি অংশ নেবে এশিয়ান স্টারস, ইন্ডিয়ান রয়্যালস, পাকিস্তান প্যান্থার্স, আফগানিস্তান পাঠানস এবং শ্রীলঙ্কান লায়ন্স। ৩০ জুলাই জাম্বিয়ায় শুরু হবে টুর্নামেন্টটি। প্রতিযোগিতা চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত।
টুর্নামেন্টে এশিয়ার বিভিন্ন দেশের সাবেক ও খ্যাতিমান ক্রিকেটারদের অংশগ্রহণ দেখা যাবে। পাকিস্তানের হয়ে খেলবেন ওয়াহাব রিয়াজ, শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ। শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করবেন কুমার সাঙ্গাকারা ও থিসারা পেরেরা। ভারতের দলে আছেন শিখর ধাওয়ান, দীনেশ কার্তিক এবং হরভজন সিং। আর আফগানিস্তানের হয়ে মাঠে নামবেন হজরতউল্লাহ জাজাই ও আসগর আফগান।
বাংলাদেশ টাইগার্সের স্কোয়াডে রয়েছেন— সাকিব আল হাসান (অধিনায়ক), অলক কাপালি (সহ-অধিনায়ক), নাজমুস সাদাত, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, শফিউল ইসলাম, মুক্তার আলী, তাপস ঘোষ, নাজমুল হোসেন মিলন, উত্তম কুমার ঘোষ, সাকলাইন সজীব, ফরহাদ হোসেন, ইমন আহমেদ, আল মামুন রাসেল এবং সাদেকুর রহমান।
আইটি ল্যাব সলিউশন্স লি.