প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬ ১৯:৪৭ (বৃহস্পতিবার)
ইংল্যান্ডে প্রবাসীদের রেমিট্যান্স বৃদ্ধি এবং শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য

ছবি: সংগৃহীত

দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তেমনি বিদেশে উচ্চশিক্ষায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থীরাও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।

বিশেষ করে যুক্তরাজ্যে বসবাসরত চট্টগ্রাম অঞ্চলের প্রবাসীরা নিয়মিত রেমিট্যান্স পাঠিয়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমৃদ্ধ করছেন। একই সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজারের শিক্ষার্থীরা যুক্তরাজ্যের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে কৃতিত্বের সঙ্গে উচ্চশিক্ষা গ্রহণ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) ইংল্যান্ডের হোয়াইটচ্যাপেলে বসবাসরত প্রবাসী, সাংবাদিক ও শিক্ষার্থীদের নিয়ে এক নৈশভোজের আয়োজনে মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

এসময় প্রবাসে অবস্থানরত চট্টগ্রামবাসীর উদ্যোগে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি এবং দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো চিফ সাইদুল ইসলাম ও লন্ডনে বসবাসরত চট্টগ্রাম- কক্সবাজারের বাসিন্দা উচ্চ শিক্ষায় আগত শিক্ষার্থী সমিত শর্মাকে বিশেষ সংবর্ধিত করা হয়। এসময় যুক্তরাজ্যে অবস্থানরত বিশিষ্ট সাংবাদিক, ব্যবসায়ী এবং প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ অংশ নেন।

আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সভায় বাংলাদেশের সমসাময়িক পরিস্থিতি, প্রবাসীদের আর্থ-সামাজিক অবদান, দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের গুরুত্ব এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে প্রবাসীদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

বক্তারা বলেন, যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীরা শুধু রেমিট্যান্স পাঠিয়েই দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন না, বরং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমেও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাদের এই ভূমিকা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে সহায়ক হচ্ছে।

তারা আরও বলেন, চট্টগ্রাম ও কক্সবাজারের মেধাবী শিক্ষার্থীরা যুক্তরাজ্যের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে বৈশ্বিক জ্ঞান ও দক্ষতা অর্জন করছেন। ভবিষ্যতে এসব শিক্ষার্থী দেশ কিংবা বিদেশে দক্ষ পেশাজীবী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে বাংলাদেশের সুনাম আরও বৃদ্ধি করবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সময় টিভির লন্ডন প্রতিনিধি ও মিডিয়া ব্যক্তিত্ব মো. সোহেব কবির, টিভি২৪ বাংলা ও লিম ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মো. মাসুদুর রহমান, সলিসিটর মো. ইকবাল বাহার, কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ মোরশেদুল আলম, হাউন্সলোর বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা মো. জসিম উদ্দিন, বাংলাদেশ কমিউনিটির সদস্য প্রবাসী সাইফুল সাইদ, কামাল উদ্দিনসহ যুক্তরাজ্যে বসবাসরত সাংবাদিক, ব্যবসায়ী ও কমিউনিটি নেতারা।

অনুষ্ঠানে অতিথিরা প্রবাসের মাটিতে দেশীয় সংস্কৃতি ও সৌহার্দ্যের এই মিলনমেলার প্রশংসা করেন। তারা দেশের উন্নয়ন, প্রবাসীদের ঐক্য এবং নতুন প্রজন্মের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে যেমন এগিয়ে নিচ্ছে, তেমনি উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের সাফল্য বাংলাদেশের মানবসম্পদ উন্নয়ন এবং বাংলাদেশ-যুক্তরাজ্যের সম্পর্ককে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উল্লেখ্য, শিক্ষার্থী ও ক্যারিয়ারে চট্টগ্রাম-কক্সবাজারের মেধাবী শিক্ষার্থীরা ইংল্যান্ডের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার জন্য যাওয়ায় বৈশ্বিক জ্ঞান অর্জন করছেন। এতে পড়াশোনা শেষ করে এই শিক্ষার্থীরা দেশে বা বিদেশে দক্ষ পেশাজীবী হিসেবে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।