হবিগঞ্জ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের অনুরোধের প্রেক্ষিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
বুধবার (২৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বুধবার বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয় এনসিপি। একই সময়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচি থাকায় সংঘর্ষের আশঙ্কায় প্রশাসন এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।
জেলা প্রশাসক ও হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সফররাজ বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল দেবে।
হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ বলেন, পুলিশের পাশাপাশি বিজিবি দায়িত্ব পালন করবে। আমরা সবার সঙ্গে সমন্বয় করে কাজ করছি। কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শহরে বাড়তি নিরাপত্তায় বিজিবি মোতায়েনের পর হবিগঞ্জ শহরের শায়েস্তানগর, কোর্ট স্টেশন, পুরাতন হাসপাতাল মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল জোরদার করা হয়েছে। জনসাধারণকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিকভাবে চলাচলের অনুরোধ জানিয়েছে প্রশাসন।
আইটি ল্যাব সলিউশন্স লি.