প্রতিকী ছবি
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন সিলাম ইউনিয়নের মুক্তারপুর গ্রামে ঘর থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সিলাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাতির আলী মুক্তারপুর গ্রামের মৃত ছৈদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কয়েকজন যুবক বাতির আলীকে ঘর থেকে ডেকে বাইরে নিয়ে যায়। পরে তারা তাকে মারধর করে মৃত ভেবে বাড়ির পাশেই ফেলে রেখে চলে যায় বলে অভিযোগ রয়েছে। এ সময় স্থানীয় কয়েকজন নারী চিৎকার-চেঁচামেচি করলে আশপাশের লোকজন ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন।
পরে গুরুতর আহত অবস্থায় বাতির আলীকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ওসমানী হাসপাতালের জরুরি বিভাগ থেকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সিলাম ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য সাবিনা আক্তার আসমা বলেন, "পূর্বপরিকল্পিতভাবে বাতির আলীকে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।" তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে দাফন-কাফন সম্পন্ন করে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হবে।
এ বিষয়ে বক্তব্য জানতে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিবের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.