প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬ ০০:৪১ (মঙ্গলবার)
সিলেটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

সিলেটের দক্ষিণ সুরমায় একটি গ্যাস সিলিন্ডার গোডাউনে লোড-আনলোডের সময় বিস্ফোরণের ঘটনায় তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। বিস্ফোরণের পর গোডাউনে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

 

সোমবার (২৭ জুলাই) বিকেলে দক্ষিণ সুরমা থানার খিদিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- দক্ষিণ সুরমার খোজারখলা এলাকার ইমন আহমদ, জায়েদ আহমদ ও আকবর আলী।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গোডাউনে গ্যাস সিলিন্ডার লোড-আনলোডের সময় একটি সিলিন্ডারে গ্যাস লিকেজ দেখা দেয়। একপর্যায়ে সেটি বিস্ফোরিত হলে আগুন ছড়িয়ে পড়ে এবং সেখানে কর্মরত তিন শ্রমিক দগ্ধ হন। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে দক্ষিণ সুরমা আলমপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার শাহজালাল বলেন, সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কের পাশে একটি গ্যাস সিলিন্ডার গোডাউনে বিস্ফোরণ ও আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

এ তথ্য নিশ্চিত করেন  দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. গোবিন্দ বিশ্বাস বলেন, বিস্ফোরণের ঘটনায় আহতদের বিষয়ে এখনো তাদের বিভাগকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। সাধারণত এ ধরনের রোগীদের প্রথমে ক্যাজুয়ালটি বা জেনারেল সার্জারি বিভাগে ভর্তি করা হয়। পরে রোগীর শারীরিক অবস্থা মূল্যায়ন করে প্রয়োজন হলে বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।