ফুটবল খেলা শেষে ফেরার পথে সিলেট নগরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রিফাত আহমদ (১৫) নামে এক কিশোর খুন হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় নগরীর কাজিরবাজার সেলফি ব্রিজের দক্ষিণ প্রান্তে এ ঘটনা ঘটে।
নিহত রিফাত আহমদ নগরীর খাসদবির দারুস সালাম মাদরাসা সংলগ্ন বন্ধন জি-৩ বাসার মিসবাহ উদ্দিনের ছেলে ও দ্বীপ শিখা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
এসএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, রিফাতসহ তিনজন দক্ষিণ সুরমায় ইনডোর স্টেডিয়ামে ফুটবল খেলা শেষে ফিরছিল।
পথে সেলফি ব্রিজের দক্ষিণ প্রান্তে দুর্বৃত্তরা রিফাতসহ তিনজনকে ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কিশোরটি মারা যায়।
তবে ঘটনাটি দক্ষিণ সুরমা এলাকার অধীনে। তাই ওই থানা পুলিশ তদন্ত করছে।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের তথ্যমতে, কিশোরটির নাম পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
নিহতের পরিবার সূত্র জানায়, বিকেলে দক্ষিণ সুরমায় একটি ইনডোর স্টেডিয়ামে ফুটবল খেলতে বাসা থেকে বের হয়েছিল রিফাত। সেখান থেকে ফেরার পথে তাকে হত্যা করা হয়। নিহত রিফাত তার বাবার একমাত্র ছেলে ছিল।
এ ঘটনায় রিফাতের দুই সঙ্গীর অবস্থা গুরুতর। হাসপাতালে তাদের অস্ত্রোপচার চলছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.