প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬ ১৪:১৪ (মঙ্গলবার)
হবিগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, সিলেট থেকে যাত্রীবাহী একটি বাসে করে মাদকের চালান হবিগঞ্জে আনা হচ্ছে— এমন তথ্যের ভিত্তিতে বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় দুই ব্যক্তি বাস থেকে নেমে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ব্যবহৃত ব্যাগ তল্লাশি করে দুটি পলিথিনে মোড়ানো মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন— মো. রায়হান উদ্দিন (২৫), পিতা: মো. গিয়াস উদ্দিন, সাং- খৈয়াউ, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ এবং মো. রায়হান উদ্দিন খান মিঠু (৩৬), পিতা: দুলাল খান, সাং- শিরোমনি দক্ষিণপাড়া, থানা- ফুলতলা, জেলা- খুলনা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা সিলেট সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।

এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আটককৃতদের এবং জব্দকৃত আলামত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।