প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬ ১৪:০২ (মঙ্গলবার)
সুনামগঞ্জে র‌্যাবের অভিযানে আটক ৩ যুবক

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

রোববার (২৬ জুলাই) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ থানাধীন পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা বাজার পিকআপ স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অনলাইন জুয়ায় লিপ্ত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— বাদশা মিয়া (৩৮), জালিল আহমেদ ওরফে আব্দুল জালিল (২৯) এবং মো. বিল্লাল হোসেন (২৬)। তাদের সবার বাড়ি শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়।

র‌্যাব জানায়, অভিযানের সময় জুয়া খেলার কাজে ব্যবহৃত ৩টি স্মার্টফোন ও ২টি বাটন ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা Night Teer, Teer Today, 1XBet-সহ বিভিন্ন অনলাইন অ্যাপের মাধ্যমে জুয়া খেলার কথা স্বীকার করেছেন। জব্দ করা মোবাইল ফোনগুলোতেও অনলাইন জুয়ার বিভিন্ন আলামত পাওয়া গেছে।

এ তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর তাদের এবং জব্দকৃত আলামত সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অনলাইন জুয়ার মতো অপরাধ দমনে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।