সিলেটে হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল ১০ মাস বয়সী এক শিশুর। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৯ জনে।
সোমবার (২৭ জুলাই) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রকাশিত হাম ও রুবেলা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মারা যাওয়া শিশুটির বয়স ১০ মাস। তার বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার শালুটিকর এলাকায়। অসুস্থ অবস্থায় তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, সিলেটে ভর্তি করা হয়েছিল। সেখানেই তার মৃত্যু হয়।
স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, এ পর্যন্ত সিলেট বিভাগে হামের উপসর্গে ১০৫ জন এবং পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হামে ৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৯ জন। এর মধ্যে সিলেট জেলায় হামের উপসর্গে ৩৫ জন এবং নিশ্চিত হামে ২ জনসহ মোট ৩৭ জনের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জে মোট ৪৮ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং হবিগঞ্জে ১১ জনের মৃত্যু হয়েছে।
সবশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৬৮ জন। এর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮০ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮৫ জন চিকিৎসা নিচ্ছেন।
এদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে পরীক্ষাগারে ৬০৪ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ১৯৬ জন, হবিগঞ্জে ৬১ জন (এর মধ্যে দুইজন রুবেলায় আক্রান্ত), মৌলভীবাজারে ২৭ জন এবং সুনামগঞ্জে ৩২০ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.