প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬ ১৮:৪৬ (সোমবার)
সুনামগঞ্জে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত আটক

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে তাৎক্ষণিক ফোন পেয়ে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক  অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) রাতে জগন্নাথপুর থানার সৈয়দপুর এলাকা এসব ঘটনা ঘটে।

শনিবার রাত ৯টার দিকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার সৈয়দপুর এলাকা থেকে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার ৫ বছরের ভাতিজিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। বাড়িতে বাবা-মায়ের অনুপস্থিতিতে শিশুটি খেলাধুলা করার সময় তার দূরসম্পর্কের এক চাচা তাকে স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে নিপীড়নের চেষ্টা চালান। পরে শিশুটির চিৎকারে প্রতিবেশী ও বাবা-মা ছুটে এসে তাকে উদ্ধার করেন।

৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি জগন্নাথপুর থানাকে জানানো হলে কলটেকার কনস্টেবল জয় বিশ্বাস ও পুলিশ ডিসপাচার এএসআই সিরাজুল ইসলাম সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেন।

এরপর জগন্নাথপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সাব্বির মিয়াকে (৪০)আটক করে থানায় নিয়ে আসে এবং এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা একটি মামলা করেন।