ছবি: সংগৃহীত
ভারতে প্রশ্নফাঁস ও পরীক্ষাব্যবস্থায় অনিয়মের অভিযোগকে ঘিরে চলমান ছাত্র আন্দোলন এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ভিন্নধর্মীভাবে হাজির হন তিনি। ভিডিওর শুরুতেই সোনাক্ষীকে কান ধরে উঠবস করতে দেখা যায়। এরপর তিনি ক্যামেরার সামনে এসে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন।
সোনাক্ষী বলেন, আমি আগে জেন জি প্রজন্মকে খুব একটা গুরুত্ব দিতাম না। মনে করতাম, এদের দিয়ে তেমন কিছু হবে না। কিন্তু আমি ভুল ছিলাম। তাদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা রইল।
তিনি আরও বলেন, আমি জেন জি হতে চাই। আপনারা অসাধারণ কাজ করেছেন।
ভিডিওর একপর্যায়ে মাথায় থাকা টুপি খুলে মাটিতে ছুড়ে ফেলেন অভিনেত্রী। এ সময় তাকে জিমের ছোট প্যান্ট, ঢিলেঢালা টি-শার্ট ও টুপি পরা অবস্থায় দেখা যায়।
শিক্ষার্থীদের আন্দোলনের শুরু থেকেই তাদের প্রতি সমর্থন জানিয়ে আসছিলেন সোনাক্ষী সিনহা। পাশাপাশি অধিকারকর্মী সোনম ওয়াংচুক এবং আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষেও একাধিকবার কথা বলতে দেখা গেছে তাকে।
ভিডিওটি প্রকাশের পর দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই শিক্ষার্থীদের প্রতি তার সমর্থনকে স্বাগত জানিয়েছেন। তবে কেউ কেউ তার এই ভিন্নধর্মী প্রতিবাদী ভঙ্গির সমালোচনাও করেছেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.