প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬ ২০:০০ (শনিবার)
৭ মামলার আসামি কারাগারে  মৃত্যু

ছবি সংগৃহীত :

রাজবাড়ী জেলা কারাগারে হত্যা, অস্ত্র ও মারামারিসহ ৭টি মামলার বিচারাধীন আসামি তুষার বিশ্বাস (৪২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

মৃত তুষার বিশ্বাস রাজবাড়ীর পাংশা উপজেলার নাওড়া বনগ্রাম নতুনপাড়া এলাকার শশধর বিশ্বাসের ছেলে।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ফরহাদ হোসেন জানান, কারাগার থেকে আনার পর তুষার বিশ্বাসকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে ইসিজি পরীক্ষার মাধ্যমেও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

রাজবাড়ী জেলা কারাগারের জেলার মো. মামুনুর রশিদ বলেন, সকালে নাস্তা করার পর তুষার বিশ্বাস বুকে ব্যথার কথা জানান। পরে কারাগারের হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং রক্তচাপসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। অবস্থার অবনতি হলে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, তুষার বিশ্বাসের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মারামারিসহ মোট ৭টি মামলা বিচারাধীন রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।