প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬ ১৫:২৬ (শনিবার)
সিলেটে  অভিযানে ১১২ জন গ্রেফতার,  ১৩৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা

প্রতিকী ছবি

সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ১১২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৩৯টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ১২টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, সন্দেহভাজন ব্যক্তি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে গ্রেফতারকৃত আসামিরা রয়েছেন।

অভিযানকালে ৩৩ বোতল CAREWS COUNTRY LIQUOR উদ্ধার করা হয়েছে।

এদিকে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ৭৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ৬২টি যানবাহন আটক করা হয়। সব মিলিয়ে ১৩৯টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসএমপি জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়ে তুলতে পুলিশের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।