আগামী শনিবার (২৫ জুলাই) সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। তবে ১১ দলীয় ঐক্যের সিলেটের বিভাগীয় সমাবেশে যাচ্ছে না খেলাফত মজলিস।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৩টায় নগরীর রেজিস্ট্রি মাঠে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে সিলেট নগরীতে সমাবেশ ও গণমিছিল করেছে দলটি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় শূরা সদস্য মুফতি আবুল হাসান এমপি। সংগঠনটির জেলা শাখার সভাপতি মাওলানা নেহাল আহমদ এতে সভাপতিত্ব করেন।
মাওলানা নেহাল আহমদ জানান, আগামী শনিবার ঢাকায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় শূরা সদস্যদের নিয়ে বৈঠক করা হবে। ওই বৈঠকে নির্ধারিত হবে খেলাফত মজলিস ১১ দলের সঙ্গে থাকবে কি না। এ ছাড়া সিলেটের সমাবেশের দিন ঢাকায় তাদের শূরা বৈঠক থাকায় সিনিয়র নেতারা ঢাকায় অবস্থান করবেন বলে জানান তিনি।
সিলেটের সমাবেশ প্রসঙ্গে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, রাজশাহী থেকে শুরু হওয়া আমাদের ধারাবাহিক বিভাগীয় সমাবেশের সমাপ্তি ঘটবে সিলেটের এই সমাবেশের মধ্য দিয়েই। এই জনসভা থেকেই আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান নতুন রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করবেন।
তিনি বলেন, ‘‘বৈরী আবহাওয়া উপেক্ষা করে দেশের প্রতিটি বিভাগীয় সমাবেশে জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সিলেটের সমাবেশেও জনতার স্বতঃস্ফূর্ত ঢল নামবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’’
সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম এদিনকে বলেন, ‘‘সমাবেশের মঞ্চ নির্মাণসহ আমাদের সকল প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। এই সমাবেশ ঘিরে দলের নেতাকর্মীদের মাঝে চাঙা ভাব দেখা যাচ্ছে। আলিয়া মাঠের এই সমাবেশে থেকেই আগামী দিনের রাজনৈতিক কর্মসূচির ডাক আসবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.