প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬ ১৭:২৯ (শনিবার)
সিলেট মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

সিলেট মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে মহানগরের ছয়টি থানা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) রাতে নগরীর জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। সভা পরিচালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

সভায় সরকারের গত পাঁচ মাসের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও সাফল্য সাধারণ মানুষের কাছে তুলে ধরার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সিলেট-১ আসনের সংসদ সদস্য, বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এ সময় দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে নেতাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। সভায় জানানো হয়, শিগগিরই মহানগরীর ছয়টি থানা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে।

সভাপতির বক্তব্যে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, "বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক গৃহীত প্রতিটি উন্নয়ন কার্যক্রম সাধারণ মানুষের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করতে হবে।"

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, "দলকে সাংগঠনিকভাবে সুসংগঠিত করে এগিয়ে নিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দলকে এগিয়ে নিতে ঐক্যের কোনো বিকল্প নেই। তাই সবাইকে দলীয় শৃঙ্খলা মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"

সভায় উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা বিএনপির আহ্বায়ক ওলিউর রহমান চৌধুরী সুহেল ও সদস্য সচিব সোয়েব আহমদ, বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির সমসু ও সদস্য সচিব সৈয়দ সরোয়ার রেজা, জালালাবাদ থানা বিএনপির আহ্বায়ক শহীদ আহমদ ও সদস্য সচিব সুদীপ জ্যোতি এষ, শাহপরান থানা বিএনপির আহ্বায়ক আব্দুল মুনিম ও সদস্য সচিব খোরশেদ আহমদ খুশু, দক্ষিণ সুরমা থানা বিএনপির আহ্বায়ক ডা. এনামুল হক ও সদস্য সচিব মকসুদ আহমদ এবং মোগলাবাজার থানা বিএনপির আহ্বায়ক আবুল হাসনাত ও সদস্য সচিব জামাল আহমদ।

সভায় বক্তারা দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং সরকারের উন্নয়ন ও দলের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।