সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেল ৩টায় জগন্নাথপুর পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পৌরসভার প্রশাসক মো. ইসলাম উদ্দিন আনুষ্ঠানিকভাবে এ বাজেট উপস্থাপন করেন।
ঘোষিত বাজেট অনুযায়ী, রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩ কোটি ৮ লাখ ৩০ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ১৯ কোটি ৪২ লাখ টাকা। অপরদিকে রাজস্ব খাতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৯৬ লাখ ৫০ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ১৯ কোটি ৪২ লাখ টাকা। সব মিলিয়ে বাজেটে ১১ লাখ ৮০ হাজার টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে।
বাজেট উপস্থাপন অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ, পৌর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন মিঠু, পৌরসভার ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দিন, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সুধীজন এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে অনুষ্ঠিত মুক্ত আলোচনায় স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা পৌর এলাকার নাগরিক সমস্যা, সড়ক সংস্কার এবং উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌরসভার সহকারী প্রকৌশলী সতীশ গোস্বামী।
বাজেট বক্তব্যে পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন জগন্নাথপুর পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, আধুনিক পৌর মার্কেট নির্মাণ, সুনির্দিষ্ট গরুর হাট স্থাপন, যানজট নিরসন, টমটম চালকদের প্রশিক্ষণ, পাবলিক টয়লেট, ইকোপার্ক ও অ্যামিউজমেন্ট পার্ক নির্মাণের পরিকল্পনার কথা তুলে ধরেন।
এ সময় তিনি পৌরবাসীকে দৃশ্যমান ও টেকসই উন্নয়নের স্বার্থে নিয়মিত পৌর কর পরিশোধের আহ্বান জানান।
আইটি ল্যাব সলিউশন্স লি.