প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬ ১৮:৩৮ (শনিবার)
মৌলভীবাজারে বন্যার্তদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ

মৌলভীবাজারে বন্যার্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে জেলার বন্যাকবলিত মানুষের জন্য এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সোমবার (২০ জুলাই) কুলাউড়া উপজেলার গণকিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে বন্যাদুর্গত মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

এর আগে রোববার (১৯ জুলাই) রাজনগর উপজেলার হরিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণেও বন্যাদুর্গত মানুষের জন্য একই ধরনের মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।

মৌলভীবাজার পুলিশ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ও মেডিকেল টিম ক্যাম্পে আসা বন্যাদুর্গত মানুষের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ওষুধ প্রদান করছেন।

পুলিশ জানিয়েছে, পর্যায়ক্রমে জেলার অন্যান্য বন্যাকবলিত এলাকাতেও এ ধরনের বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে।

দুর্যোগকালীন সময়ে বন্যার্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ মানবিক দায়িত্ব পালনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমানের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।