ছবি: সংগৃহীত
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত করেছেন।
রোববার (১৯ জুলাই) দুপুরে বিয়ানীবাজার পৌরশহরের ফতেহপুর কবরস্থানে গিয়ে তিনি মরহুমের কবর জিয়ারত করেন এবং শহিদ তুরাবের পরিবারের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন।
এ সময় এমপি এমরান আহমদ চৌধুরী শহিদ তুরাবের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা হবে এবং এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
কবর জিয়ারত ও দোয়া মাহফিলে জেলা ও উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, বিয়ানীবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং সিলেটের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে বিকেলে বিয়ানীবাজার পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এমপি এমরান আহমদ চৌধুরী।
তিনি বলেন, বর্তমানের শিশু-কিশোররাই ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধার। তাই তাদের লেখাপড়ার পাশাপাশি নেতৃত্বের গুণাবলি অর্জন এবং নৈতিক মূল্যবোধে গড়ে তোলা জরুরি। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং শিশু-কিশোরদের প্রতি বাড়তি নজরদারি রাখতে হবে, যাতে তারা সঠিক পথে বেড়ে উঠতে পারে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল হেকিমের সভাপতিত্বে এবং শিক্ষক বিপ্লব চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, স্থানীয় সরকার-বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন।
এছাড়াও বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন কুটি, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক নজমুল হোসেন, বিয়ানীবাজার ব্যাংকার্স সোসাইটির সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দৌলা হোসেন সুভাষ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এনাম উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র তানজিম রহমান। পরে বিয়ানীবাজার ব্যাংকার্স সোসাইটির উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এমপি এমরান আহমদ চৌধুরী।
আইটি ল্যাব সলিউশন্স লি.