প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬ ১৭:৩৪ (শনিবার)
হবিগঞ্জে র‌্যাবের-অভিযানে ডাকাতি মামলার ৩ আসামি গ্রেফতার

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সংঘটিত একটি ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

শনিবার(১৮ জুলাই) বিকেল ও রাতে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার অলীপুর রেলক্রসিং এলাকা এবং মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে র‌্যাব-৯, সিপিসি-৩-এর একটি আভিযানিক দল।

র‌্যাব-৯ জানায়, গত ২০ জুন ২০২৬ রাত আনুমানিক ২টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহবাজপুর বিদ্যুৎকেন্দ্রের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ ডাকাতির ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকার বাসিন্দা ব্যবসায়ী মো. সামছুল আলম সরকার (৫৮) স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে নিজস্ব টয়োটা অ্যাক্সিও গাড়িতে সিলেটের শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন। পথে মাধবপুর এলাকায় পৌঁছালে পুলিশ পরিচয়ে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল তাদের গাড়ির গতিরোধ করে।

এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে ভুক্তভোগীদের মারধর করে ৪টি মোবাইল ফোন, নগদ ৯৩ হাজার টাকা এবং গাড়ির চাবি ছিনিয়ে নিয়ে গাড়িসহ সিলেটের দিকে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী মো. সামছুল আলম সরকার বাদী হয়ে মাধবপুর থানায় অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র‌্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে।


অভিযানে ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— রাসেল মিয়া (৩৯), পিতা: মৃত মো. ফরিদ মিয়া, সাং- রোশদিয়া, থানা- তুরাগ, জেলা- ঢাকা; শিপন মিয়া (২৫), পিতা: কাওছার মিয়া এবং আবিদুর রহমান (২৫), পিতা: মৃত লাল খা মিয়া, উভয়ের বাড়ি জগদীশপুর, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ।

এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা নজরদারি ও অপরাধবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।