প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬ ১৯:০৪ (শনিবার)
টিকি-টাকার লড়াইয়ে কে এগিয়ে আর্জেন্টিনা নাকি স্পেন, পরিসংখ্যানে জমে উঠেছে আলোচনা

ছবি সংগৃহীত :

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালকে ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে একটাই প্রশ্ন টিকি-টাকার লড়াইয়ে এগিয়ে কে, আর্জেন্টিনা নাকি স্পেন।

টিকি-টাকার কথা উঠলেই সবার আগে আসে স্পেনের নাম। ছোট ছোট নিখুঁত পাস, বলের দখলে প্রতিপক্ষকে চাপে রাখা এবং ধৈর্যের সঙ্গে আক্রমণ গড়ে তোলার দর্শনেই একসময় বিশ্ব ফুটবলে আধিপত্য বিস্তার করেছিল লা রোহা। এবারও সেই পরিচিত ফুটবল দর্শন নিয়েই বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন।

তবে তাদের সামনে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, যারা এবারের টুর্নামেন্টেও দারুণ পাসিং ফুটবল উপহার দিয়েছে। ফলে টিকি-টাকার জনক স্পেনকে এবার নিজেদেরই শক্তির জায়গায় কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে লা আলবিসেলেস্তেরা।

টুর্নামেন্টের পরিসংখ্যান বলছে, সবচেয়ে বেশি সফল পাস করেছে আর্জেন্টিনা। এখন পর্যন্ত দলটি সফলভাবে ৪ হাজার ২০৭টি পাস সম্পন্ন করেছে। শুধু বলের দখলই নয়, সেই পাসিংকে কার্যকর আক্রমণে রূপ দিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। ফাইনালের আগে পর্যন্ত তারা করেছে ১৯টি গোল। এছাড়া ছয়বার তাদের শট পোস্ট বা ক্রসবারে লেগেছে, যা আক্রমণে ধারাবাহিক আধিপত্যেরই প্রমাণ।

অন্যদিকে, সফল পাসের সংখ্যায় খুব বেশি পিছিয়ে নেই স্পেন। তারা সম্পন্ন করেছে ৪ হাজার ১৮টি সফল পাস। তবে আক্রমণের চেয়ে রক্ষণেই বেশি নজর কেড়েছে স্প্যানিশরা। পুরো টুর্নামেন্টে তারা হজম করেছে মাত্র একটি গোল এবং ছয়টি ম্যাচে প্রতিপক্ষকে গোলশূন্য রেখে ক্লিন শিট ধরে রেখেছে।

সংখ্যার বিচারে আক্রমণে স্পষ্টভাবে এগিয়ে আর্জেন্টিনা, আর রক্ষণে একচেটিয়া আধিপত্য স্পেনের। ফলে বিশ্বকাপের ফাইনালে দেখা যাবে টুর্নামেন্টের সবচেয়ে কার্যকর আক্রমণভাগের বিপক্ষে সবচেয়ে শক্তিশালী রক্ষণভাগের লড়াই।

ফুটবলীয় দর্শনের দিক থেকেও দুই দলের মধ্যে রয়েছে বেশ মিল। উভয় দলই বলের দখল ধরে রেখে ছোট ছোট পাসের মাধ্যমে খেলা নিয়ন্ত্রণ করতে পছন্দ করে। তবে পার্থক্যটা তৈরি হয় ফাইনাল থার্ডে। আর্জেন্টিনা তুলনামূলক দ্রুত আক্রমণ গড়ে তুলে সুযোগ পেলেই ফিনিশিংয়ে মনোযোগ দেয়। অন্যদিকে স্পেন ধৈর্যের সঙ্গে বল ঘুরিয়ে প্রতিপক্ষকে ক্লান্ত করে ফাঁকা জায়গা তৈরি করে আক্রমণ সাজায়।

সব মিলিয়ে বিশ্বকাপ ফাইনালের আগে আলোচনার কেন্দ্রে এখন টিকি-টাকার দুই ভিন্ন রূপ। আর্জেন্টিনার গতিময় ও কার্যকর আক্রমণ কি স্পেনের দুর্ভেদ্য রক্ষণ ভাঙতে পারবে, নাকি নিজেদের ঐতিহ্য ধরে রেখে টিকি-টাকার শ্রেষ্ঠত্ব আবারও প্রমাণ করবে লা রোহা সেই উত্তর মিলবে মহারণের ৯০ মিনিটেই