প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬ ০১:২৮ (শনিবার)
দুই সন্তানকে কীটনাশক খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহিত

পারিবারিক কলহের জেরে দুই শিশু সন্তানকে কীটনাশক পান করিয়ে মনি আক্তার (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে গুরুতর অবস্থায় মাসহ দুই সন্তানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের রতন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নেত্রকোনার সদর উপজেলার মো. মোবারক হোসেন ও তার স্ত্রী মনি আক্তার (৩০), ২ বছর বয়সী সন্তান মাইশা ও চার বছর বয়সী সন্তান আবদুল্লাহকে নিয়ে টেপিরবাড়ি গ্রামে রতন মিয়ার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় স্মার্ট গার্মেন্টস নামে পোশাক কারখানায় চাকরি করেন। 

বৃহস্পতিবার কর্মস্থল থেকে ভাড়া বাসায় ফিরে দুই সন্তানসহ স্ত্রীকে ফ্লোরে গড়াগড়ি করতে দেখেন মোবারক। এ সময় দুই সন্তানের মুখ থেকে লালা বের হওয়া এবং ঘরে কীটনাশকের গন্ধ পেয়ে দ্রুত তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই সন্তানের আশঙ্কাজনক অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে মা ওই হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন।

বাড়ির মালিকের স্ত্রী বিউটি আক্তার জানান, মাঝেমধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লাগত। দুই সন্তানের মাঝে একজন প্রতিবন্ধী। নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়াঝাঁটি হতো। হয়তো পারিবারিক কলহের কারণে এমন কাজটি করেছেন ওই শিশুর মা। 

তিনি আরও বলেন, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেলে নিতে বলেন। পরে দ্রুত বাচ্চা দুটিকে সেখানে নিলে তাদের চিকিৎসা শুরু হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম গণমাধ্যমকে বলেন, প্রতিবেশী ও বাড়ির মালিকরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়েছেন। আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। তবে জানতে পেরেছি স্বামী-স্ত্রীর মধ্যে কলহ থেকে এমন ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি দেখছি।