ছবি সংগৃহীত :
দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে পানিবন্দি মানুষের উদ্ধার, নিরাপত্তা ও ত্রাণ কার্যক্রম বেগবান করতে ১০ দফার এক জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের এই নির্দেশনা বাস্তবায়নে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজারসহ দেশের একাধিক জেলায় মারাত্মক বন্যা দেখা দিয়েছে।
এই সংকটময় পরিস্থিতিতে অতীতের মতো এবারও দুর্গতদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ।
ছাত্রদলের ১০ দফা জরুরি নির্দেশনাগুলো:
বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিতে সর্বোচ্চ সহায়তা করতে হবে।
পাশাপাশি গবাদিপশুকেও নিরাপদ আশ্রয়ে নেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে।
উদ্ধার তৎপরতা চালানোর জন্য ছাত্রদলের প্রতিটি ইউনিটে প্রয়োজনীয় সংখ্যক উদ্ধারকারী দল বা রেসকিউ টিম তৈরি রাখতে হবে।
স্থানীয় বিএনপির নেতাদের সাথে সমন্বয় বজায় রেখে ত্রাণ কার্যক্রম চালাতে হবে।
শুকনো ও রান্না করা খাবার, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ফিটকিরি ও জরুরি ওষুধপত্র প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
যেসব পরিবার ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে, তাদের ফেলে আসা ঘরবাড়ির সুরক্ষায় স্থানীয় বাসিন্দাদের সাথে সমন্বয় করে কাজ করতে হবে।
বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণের ব্যবস্থা করতে হবে।
ত্রাণ ও উদ্ধার কাজের ক্ষেত্রে নারী, শিশু এবং প্রবীণদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সহায়তা করতে হবে।
বন্যা-পরবর্তী সময়ে টাইফয়েড, ডায়রিয়া ও আমাশয়ের মতো রোগের প্রকোপ বাড়তে পারে। সেজন্য ইউনিটভিত্তিক মেডিকেল টিম গঠন করে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রী বিতরণের প্রস্তুতি নিতে হবে।
বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতসহ পুনর্বাসনের কাজে সক্রিয় অংশীদার হতে হবে।
দুর্গত মানুষের সহায়তায় গৃহীত যাবতীয় কার্যক্রমের তথ্য নিয়মিতভাবে কেন্দ্রীয় দপ্তরে পাঠাতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির দেশব্যাপী এই বন্যা পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রমের সার্বিক তদারকি করবেন।
সংগঠনের শীর্ষ নেতারা জানান, চলমান এই দুর্যোগে মানবিক দায়িত্ববোধ থেকে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে সাধারণ মানুষের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.