প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬ ১৭:১৩ (শনিবার)
সিলেটে  পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার যাত্রী নিহত, আহত ৩

সিলেট-জকিগঞ্জ সড়কে বেপরোয়া একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ও দুই সন্তানসহ একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার(৯ জুলাই) রাতে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের করমপুর গেইট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন উপজেলার পৌর এলাকার ইয়াগুল গ্রামের মৃত তছির আলীর ছেলে আখদ্দছ আলী (৬০)।

আহতরা হলেন নিহতের স্ত্রী রোকসানা বেগম (৩৫), ছেলে মুসেদ আহমদ (১৮) এবং মেয়ে হুমায়রা বেগম (৮)। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের এ তথ্য নিশ্চিত করেছেন তাঁর ভাগনা ও গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক জাহিদ উদ্দিন।

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) আরিফুল ইসলাম এ তথ্য  সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ চলছে।