প্রকাশিত: ০৫ জুলাই, ২০২৬ ২০:১৮ (শনিবার)
সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ২৯, আহত ৩৬

প্রতিকী ছবি

চলতি বছরের মে মাসের তুলনায় জুনে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা কিছুটা কমেছে। জুন মাসে বিভাগের চার জেলায় মোট ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৯ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ জনই পথচারী।

রোববার (৫ জুলাই) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সুনামগঞ্জ জেলায়। সেখানে ১১টি দুর্ঘটনায় ১০ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। অন্যদিকে সবচেয়ে কম প্রাণহানি হয়েছে সিলেট জেলায়। এ জেলায় ৬টি দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন।

এছাড়া মৌলভীবাজার জেলায় ৫টি দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। হবিগঞ্জ জেলায় ৭টি দুর্ঘটনায় ৭ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে পথচারীদের অসচেতনতা, অতিরিক্ত গতিতে যানবাহন চালানো, ট্রাফিক নিয়ম অমান্য করে ওভারটেকিং, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা এবং সড়কের নির্মাণ ত্রুটিকে চিহ্নিত করা হয়েছে।

নিসচার কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলা আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু জানান, পাঁচটি স্থানীয় দৈনিক, বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম, দুটি জাতীয় দৈনিক, অনপ্রকাশিত ও অনুমিত ঘটনার তথ্য এবং নিসচার জেলা ও উপজেলা শাখাগুলোর তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, নিহতদের মধ্যে ৫ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৫ জন সিএনজি ও টমটম চালক-আরোহী, ৯ জন বিভিন্ন যানবাহনের চালক এবং ১২ জন পথচারী ছিলেন।

এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহন উল্টে ৪টি দুর্ঘটনায় ২ জন, মুখোমুখি সংঘর্ষে ৬টি দুর্ঘটনায় ৫ জন এবং গাছ বা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ৩টি দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন।

নিহত ২৯ জনের মধ্যে ২০ জন পুরুষ, ৫ জন নারী এবং ৪ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত মে মাসে সিলেট বিভাগে ৪২টি সড়ক দুর্ঘটনায় ৫১ জন নিহত এবং ৬৫ জন আহত হয়েছিলেন। জুন মাসে সেই তুলনায় দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।