প্রকাশিত: ২৯ জুন, ২০২৬ ১৮:০৬ (শনিবার)
ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে সিসিক প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান 

ছবি: সংগৃহীত

সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা স্থায়ীভাবে দখলমুক্ত করার দাবিতে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে তিনটি সামাজিক সংগঠন।

সোমবার (২৯ জুন) বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা (সিবিযুকস) এবং সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা (সিপ্রকস)-এর যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টা ১৫ মিনিটে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমবেত হন সংগঠনগুলোর নেতাকর্মীরা। পরে কোর্ট পয়েন্ট থেকে সিটি পয়েন্ট হয়ে সিলেট সিটি করপোরেশন পর্যন্ত একটি মিছিল বের করা হয়। এরপর সিসিক প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান এবং নগর ভবন প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা অবৈধ দখলের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অভিযান চলাকালে ভাসমান ব্যবসায়ীরা সরে গেলেও অভিযান শেষ হওয়ার পর পুনরায় ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেন। ফলে অভিযানের সুফল দীর্ঘস্থায়ী হয় না।

তারা অভিযোগ করেন, শুধু ভাসমান ব্যবসায়ীই নয়, অনেক স্থায়ী দোকানদারও দোকানের পণ্য ফুটপাতে রেখে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করছেন। অনেক দোকানে ফুটপাতের ওপর দাঁড় করিয়ে ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করা হয়। এসব বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, নগর ভবনের সামনের ফুটপাত ও রাস্তা পর্যন্ত দখলমুক্ত রাখা সম্ভব হচ্ছে না, যা অত্যন্ত হতাশাজনক। এছাড়া ফুটপাতে খোলা গ্যাস সিলিন্ডার ব্যবহার করে চা ও খাবারের দোকান পরিচালনা জননিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। বিষয়গুলো কঠোরভাবে মনিটরিং করার আহ্বান জানান তারা।

স্মারকলিপিতে ফুটপাত ও রাস্তা ২৪ ঘণ্টা দখলমুক্ত রাখা, দোকানের কাউন্টার অন্তত তিন ফুট ভেতরে স্থাপন, ফুটপাতের উঁচু-নিচু অংশ সমান করে সংস্কার এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে নিয়মিত ও নিরপেক্ষ অভিযান পরিচালনার দাবি জানানো হয়।

জাতীয় যুব দিবস-২০১০-এর জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সংগঠক ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের-এর সভাপতিত্বে এবং সিবিযুকসের বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী-এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা দিন-রাত ২৪ ঘণ্টা দখলমুক্ত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।