প্রকাশিত: ২২ জুন, ২০২৬ ১৭:০১ (শনিবার)
লুটপাটের মামলায় ছাত্রদল সভাপতি কারাগারে

ছবি: সংগৃহীত

মারামারি ও লুটপাটের মামলায় পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

সোমবার (২২ জুন) দুপুরে তিনি পটুয়াখালী অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরীন করিমের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ২৭ মার্চ পৌর শহরের বাজার ব্রিজের কাছে আল-আমিনের ফলের দোকানে হামলা চালিয়ে মারধর ও লুটপাটের অভিযোগে আল-আমিনের বাবা ফজলুল হক মৃধা বাদী হয়ে আব্দুল্লাহ আল ফাহাদসহ স্থানীয় কয়েকজনকে আসামি করে বাউফল থানায় মামলা করেন। দীর্ঘদিন পর ওই মামলায় ছাত্রদল নেতা ফাহাদ আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে ফাহাদকে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট হুমায়ন কবির ও অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন।

আর রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সি এস আই মো. শফিকুর রহমান।