প্রতিকী ছবি
সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত বিশেষ অভিযানে গত ৩২ ঘণ্টায় মোট ২১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৭৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসএমপি সূত্র জানায়, বৃহস্পতিবার (১১ জুন) রাত থেকে শুক্রবার (১২ জুন) সকাল ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি, নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, জুয়াড়ি, চোরাকারবারি, সন্দেহভাজন ব্যক্তি এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে ১১ জুনের ২৪ ঘণ্টায় ১৭৫ জন এবং ১২ জুন সকাল ৮টা পর্যন্ত পরবর্তী ৮ ঘণ্টায় আরও ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ফলে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ২১৮ জনে।
অভিযানকালে উদ্ধার করা হয়েছে ২৩২ পিস ইয়াবা, ৩৬ লিটার চোলাই মদ, ১ হাজার ৩৪৫ পিস ভারতীয় কিটক্যাট চকলেট এবং ১ হাজার ২১৫ কেজি ভারতীয় চা-পাতা।
এদিকে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ৭৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ৯৯টি যানবাহন আটক করা হয়েছে। সব মিলিয়ে ১৭৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
এসএমপি জানায়, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া অন্যান্য গ্রেফতারকৃতদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণের কার্যক্রম চলমান রয়েছে।
অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়ে তুলতে এসএমপির নিয়মিত বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
আইটি ল্যাব সলিউশন্স লি.