প্রকাশিত: ১০ জুন, ২০২৬ ১৯:৩৮ (শনিবার)
সিলেটে যান চলাচলে নতুন নির্দেশনা

ছবি: সংগৃহীত

সিলেট নগরের হুমায়ুন রশিদ চত্বর থেকে চন্ডিপুল পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের নির্মাণকাজ চলমান থাকায় যান চলাচলে নতুন নির্দেশনা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। আগামী ১২ জুন থেকে এ সড়কে একমুখীভাবে যান চলাচল করবে।

বুধবার (১০ জুন) এসএমপির এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট থেকে ঢাকাগামী সব যানবাহন হুমায়ুন রশিদ চত্বর হয়ে চন্ডিপুল পর্যন্ত একমুখী সড়ক ব্যবহার করবে। অন্যদিকে ঢাকা ও দক্ষিণাঞ্চল থেকে সিলেটমুখী যানবাহন চন্ডিপুল পয়েন্টে এসে বামে মোড় নিয়ে বঙ্গবীর রোড ব্যবহার করে কদমতলীর নিজ নিজ বাস টার্মিনালে প্রবেশ করবে।

এ ছাড়া হুমায়ুন রশিদ চত্বর, চন্ডিপুল, বাবনা পয়েন্ট ও ক্বীন ব্রিজের দক্ষিণ পাড় থেকে কদমতলী বাস টার্মিনালসংলগ্ন এলাকায় সড়কের ওপর কোনো ধরনের অবৈধ স্থাপনা স্থাপন বা অবৈধ পার্কিং না করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জনস্বার্থে সবাইকে নতুন নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।