প্রতিকী ছবি
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের পক্ষে স্লোগান ও বিক্ষোভ মিছিল করার অভিযোগে পুলিশ পাঁচ যুবককে গ্রেফতার করেছে।
শুক্রবার রাত ওই এলাকায় এ ঘটনা ঘটে। পরে শনিবার বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন— পূর্ব দৌলতপুর গ্রামের সেলিম উদ্দিনের ছেলে সজিব আহমদ, সুনাম উদ্দিনের ছেলে জুবায়ের আহমদ, বড়ময়দান গ্রামের সেলিম উদ্দিনের ছেলে জাহিদ আহমদ, বাদেপুকুরিয়া গ্রামের মৃত জলিল উদ্দিনের ছেলে সাইদুল আহমদ ওরফে শাম উল্লাহ ওরফে সায়মন এবং আব্দুর রহিমের ছেলে জাহিদ হাসান।
এলাকাবাসী ও গ্রেফতারকৃতদের অভিভাবকদের দাবি, শুক্রবার রাতে কয়েকজন কিশোর খেলাধুলা শেষে মশকরা বা মজা করার ছলে আওয়ামী লীগের স্লোগান ও মিছিল করেছিল। বিষয়টি জানতে পেরে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে। তাদের আরও অভিযোগ, গ্রেফতারকৃতরা কিশোর হলেও পুলিশ মামলায় তাদের প্রাপ্তবয়স্ক হিসেবে দেখিয়েছে।
এ বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, “নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে মিছিল করার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।”
আইটি ল্যাব সলিউশন্স লি.