হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মধ্যরাতে আমির হোসেন (৩৮) নামে এক যুবককে হত্যা করে মরদেহ বাড়ির পাশেই ফেলে যায় দুর্বৃত্তরা।
বুধবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত আমির হোসেন উপজেলার দেওরগাছ ইউনিয়নের বাঘারুক গ্রামের আব্দুল মান্নানের ছেলে। স্থানীয়রা জানান, গভীর রাতে তারা আমিরের বাড়ির পার্শ্ববর্তী স্থানে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
নিহতের পরিবার অভিযোগ করে জানায়, পরিকল্পিতভাবে আমির হোসেনকে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তরা তাকে হত্যার পর তার ব্যবহৃত মোটরসাইকেলসহ মরদেহ ফেলে রেখে যায়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আইটি ল্যাব সলিউশন্স লি.