প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৫৩ (শনিবার)
প্রবাসী যুবকের গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশে গণি মিয়া (৩০) নামে এক প্রবাসী যুবকের গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঘোড়াশাল টানস্টেশনের রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত গণি মিয়া ঘোড়াশাল আঁটিয়াগাও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি গত তিন মাস আগে প্রবাস থেকে ছুটিতে দেশে এসেছিলেন।

নিহতের স্বজনরা জানায়, গতকাল রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় গণি মিয়া। পরে তার কোন খোঁজ খবর না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় জানানো হয়। এরপর সকালে ঘোড়াশাল টানস্টেশনের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকার খবর শুনে পরিবারের লোকজন গিয়ে গণি মিয়ার গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহটি দেখতে পায়। 

নিহতের পরিবারের অভিযোগ, গণি মিয়াকে কেউ হত্যা করে মরদেহ রেললাইনের পাশে ফেলে রেখে গেছে। 

নরসিংদী রেলওয়ের পুলিশের উপ-পরিদর্শক নাজিমুদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর হত্যা না আত্মহত্যা তা জানা যাবে।